
কয়েকদিন ধরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং রাস্তায় মানুষের চলাচল বেশ সীমিত। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার জেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে। এর মধ্যে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সদরে কোনো ধরনের মিছিল, মিটিং কিংবা অবরোধের দৃশ্য দেখা যায়নি। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তবে স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টার পর থেকে অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। তারা দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও না হলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হবে। অন্যদিকে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, সব মিলিয়ে সকাল থেকেই জেলায় একটি উদ্বেগজনক পরিবেশ বিরাজ করছে।