
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বস্তুটি নজরে আসার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি হেল্প ডেস্কের পাশে রেখে যায়। সকাল ৯টার দিকে অফিসের কর্মচারীরা লাল টেপ দিয়ে প্যাঁচানো এবং তার সদৃশ অংশ ঝুলতে থাকা বস্তুটি দেখতে পান। এই ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও সেবাপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থলের চারপাশ কর্ডন করে সাধারণের চলাচল সীমিত করেছে।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে জানানো হয়েছে। তিনি বলেন, বস্তুটিকে বালুর মধ্যে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং এটি নিষ্ক্রিয় ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। বস্তুটি ঘিরে রাখা হয়েছে এবং এর ভেতরে কী রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত