
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃতদের মধ্যে ঢাকা ও সিলেটে দুইজন করে এবং ময়মনসিংহে একজন রয়েছেন। একই সময়ের ব্যবধানে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।