
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে শাসনভার গ্রহণের পর প্রথমবারের মতো জন্মদিন উদযাপিত হচ্ছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে মা-বাবার পর দেশের সরকারপ্রধান পদে আসার পর এটিই তার প্রথম জন্মদিন। শুক্রবার তিনি বয়স ৫৮ বছর পূর্ণ করছেন।
১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনৈতিক ব্যক্তিত্বের ৫৮তম জন্মবার্ষিকী ঘিরে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক দলীয় বা রাষ্ট্রীয় কর্মসূচি রাখা হয়নি। তবে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ব্যক্তিগত ও স্থানীয় উদ্যোগে সারা দেশে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করছেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কখনো জন্মদিন পালন করেন না; নিকট স্বজন ও ঘনিষ্ঠজনেরাই কেবল ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন।
বর্তমানে সহধর্মিণী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে তাঁর পারিবারিক জীবন অতিবাহিত হচ্ছে। অবশ্য বৃহস্পতিবার মধ্যরাতের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের অনুসারীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতিত্বের সঙ্গে পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক জ্ঞানার্জনের পাশাপাশি তৎকালীন স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের আবহ তাঁকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
১৯৮৮ সালে মায়ের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী রাজপথের আন্দোলনে যোগ দিয়ে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।
পরবর্তী সময়ে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে নির্বাচনী প্রচারে অংশ নেন তারেক রহমান। ২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য তিনি ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন।
ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসলেও তিনি সরকারের কোনো পদে আসীন হননি। এরপর ২০০২ সালে বিএনপির স্থায়ী কমিটি তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে, যেখানে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি আমালে ২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয় এবং যৌথ বাহিনীর হেফাজতে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ওই রাতেই স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান তিনি। এখান থেকেই শুরু হয় তাঁর ১৭ বছরের দীর্ঘ প্রবাসী জীবন।
প্রবাসে থাকাকালেই ২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে দেশে দলটি চরম কঠিন সময় পার করতে থাকে। ২০১০ সালে তাঁর মা খালেদা জিয়াকে শহীদ মইনুল সড়কের বাসা থেকে উৎখাত করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর সংসদের বাইরে চলে যায় বিএনপি। পরবর্তীতে ২০১৫ সালে তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু ঘটে, যা প্রবাসে থাকা তারেক রহমানের জন্য ছিল এক গভীর শোকের ধাক্কা।
আদালতের দৃষ্টিতে পলাতক থাকায় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না হওয়ায় তিনি দেশে ফিরতে পারেননি। আওয়ামী লীগ সরকারের মেয়াদে তার বিরুদ্ধে আরও ৭২টি মামলা হয় এবং মোট ৫টি মামলায় সাজা ঘোষণা করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দীর্ঘ সাত বছর লন্ডন থেকে দল পরিচালনার পর ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তন ঘটে।
নানা ঘটনাবহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং তাঁর নির্বাসিত জীবনের অবসান ঘটে।
একই বছরের ৩০ ডিসেম্বর তাঁর মা খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৪ দশকের বেশি সময় পর দলের হাল ধরে ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হন তারেক রহমান, যিনি বর্তমানে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে সরকার পরিচালনা করছেন।