
দেশের তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন উপাচার্যরা চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি বিদায়ী উপাচার্য অধ্যাপক খন্দোকার আশরাফুল মুনিমের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক, যিনি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
অন্যদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি এ পদে অধ্যাপক দীলিপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।