
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে, যা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের সমান।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
রিজার্ভের পাশাপাশি প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে মোট ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে, বছরের ব্যবধানে জুলাই মাসে প্রবাসী আয় ১৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।