
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সৈয়দ জগলুল পাশা বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছেন। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, জগলুল পাশার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা অন্যতম। এছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। গ্রেপ্তার জগলুল পাশার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।