
দুই সপ্তাহ আগে মহেশখালীতে বিকল হয়ে যাওয়া এলএনজি টার্মিনালটি আংশিক চালু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় টার্মিনালটি পুনরায় সচল করা হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, টার্মিনালটি বিকল হওয়ার আগে তাতে আগুন ধরে গিয়েছিল। এরপর এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বন্ধ হয়ে যায়। টার্মিনালটি বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল।
উল্লেখ্য, সমুদ্রপথে আনা এলএনজি গ্রহণ ও সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে। সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করা হয় এবং এরপর পাইপলাইনের মাধ্যমে তা জাতীয় গ্রিডে পাঠানো হয়।