আর্জেন্টিনাকে ‘ভীষণ ঝামেলার প্রতিপক্ষ’ বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক প্রকাশিত: 10:28 AM, July 19, 2026 আসন্ন বিশ্বকাপ ফাইনালের মহালড়াইয়ে নামার আগে স্পেনকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই কোচের মতে, আর্জেন্টিনা এমন এক দল যারা প্রতিপক্ষকে খাদের কিনারে ঠেলে দিতে এবং যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে দারুণ পারদর্শী। স্প্যানিশ গণমাধ্যম ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, 'আর্জেন্টিনা এমন একটি দল, যাদের মুখোমুখি হওয়া অত্যন্ত কঠিন। চাইলে তাদের "ভীষণ ঝামেলার প্রতিপক্ষ" হিসেবেও আখ্যা দেওয়া যায়। তারা খুব ভালো করেই জানে, ম্যাচ নিজেদের পকেটে পুরতে ঠিক কী করতে হবে।' সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার উদাহরণ টেনেছেন দেল বস্ক। তিনি আরও যোগ করেন, 'আমার দৃষ্টিতে ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। তবে আর্জেন্টিনার দীর্ঘ অভিজ্ঞতা এবং কঠিন পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা সম্পর্কে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।' চলতি টুর্নামেন্টে স্পেনের খেলায় মুগ্ধতা প্রকাশ করে সাবেক এই কোচ বলেন, 'এই আসরে স্পেন তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং তাদের খেলায় আত্মবিশ্বাস ও স্থিরতার এক দারুণ মেলবন্ধন দেখা গেছে।' উল্লেখ্য, আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা দল স্পেন। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাফুটবলবিশ্বকাপ ফাইনালভিসেন্তে দেল বস্কস্পেন