চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রকাশিত: 7:01 PM, July 20, 2026 মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাদিক আহম্মেদ এই আদেশ প্রদান করেন। সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের দায়ের করা এই মামলাটি যখন হয়েছিল, তখন সাহেদ প্রায় সাড়ে চার বছর ধরে কারাগারে ছিলেন। সেই সময়ে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরবর্তীতে ২০২৫ সালের ৪ মে আদালত সাহেদকে এই মামলায় এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তিনি আরও বলেন, যেহেতু এখন সাহেদ কারাগারে রয়েছেন, তাই তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে ব্যবসার প্রয়োজনে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে সাহেদ ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের বিপরীতে জামানত হিসেবে তিনি সমপরিমাণ টাকার একটি চেক ব্যাংকে জমা দিয়েছিলেন। পরবর্তীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এই ঘটনায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বিচার প্রক্রিয়া শেষে মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয় এবং আদালত দণ্ডাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর আগে, রোববার রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে পল্লবী থানার পুলিশের চাহিদার ভিত্তিতে তাকে পল্লবী থানায় সোপর্দ করা হয়। SHARES অন্যান্য বিষয়: আদালতকারাগারচেক ডিজঅনারমোহাম্মদ সাহেদরিজেন্ট হাসপাতাল