জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

প্রকাশিত: 11:04 AM, July 19, 2026

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে সেন্টকম জানায়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর দুই সেনা প্রাণ হারান।

হামলায় চার মার্কিন সেনাসদস্য আহত হয়েছিলেন, যাদের দ্রুত জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাসদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় তাদের দায়িত্ব পালন শুরু করেছেন বলে সেন্টকম নিশ্চিত করেছে। তবে নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ মার্কিন সংকল্পকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন। এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ঘাঁটির বেশ কয়েকটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মাস ধরে চলমান এই সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।