বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বাড়বে বৃষ্টির প্রবণতা প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবেই মূলত এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হলেও আগের মতো টানা অতিভারী বর্ষণের আশঙ্কা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৫ মিলিমিটার এবং গোপালগঞ্জে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। এদিন কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের সিনপটিক পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়ার প্রভাবে বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। SHARES জাতীয় বিষয়: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরবাংলাদেশবৃষ্টিলঘুচাপ