প্রতিটি উপজেলায় ২৪ ক্রীড়া শিক্ষক ও একজন অফিসার নিয়োগের উদ্যোগ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া কার্যক্রম জোরদারের লক্ষ্যে বড় ধরনের নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসারও নিয়োগ করা হবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংসদীয় বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ অধিবেশনে অন্যান্য প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব কোনো জরিপ নেই। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২৬ লাখ মানুষ বেকার। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে, যা অনুমোদনের পর মাঠ উন্নয়নের কার্যক্রম শুরু হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এবং সেটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং জড়িত সন্দেহে ইতিমধ্যে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির কার্যালয়ের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগে ১০১টি পদের মধ্যে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে মোট ৩৩৯টি অনুমোদিত পদের মধ্যে ১৪০টি পদ বর্তমানে খালি আছে।