আজ বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

এর আগে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশন শুরুর প্রথম দিনেই তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। এছাড়া একটি সরকারি বিলও এই অধিবেশনে উত্থাপনের জন্য পাওয়া গেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর বাইরে বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়, যা সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে উদ্বোধন করার কথা রয়েছে। সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এর মাধ্যমে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা সংসদের ছয় মেগাওয়াটের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই কাজ করার নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে অন্যদের মধ্যে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন।