অগ্নিনিরাপত্তা সচেতনতায় ফায়ার সার্ভিসের আন্তর্জাতিক ম্যারাথন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘এইমস সার্টিফাইড ২০২৬ ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ (AIMS Certified 2026 Fire International Marathon-102)।

আগামী ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে এই ম্যারাথনের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। আগ্রহী অংশগ্রহণকারীরা অফিশিয়াল ওয়েবসাইট https://firemarathon102.org/-এ গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ম্যারাথনে সর্বমোট ৫ হাজার ১০২ জন রানার অংশগ্রহণের সুযোগ পাবেন। চার ক্যাটাগরিতে বিভক্ত এই ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২ টাকা, ৮০২ টাকা, ৭০২ টাকা ও ৫০২ টাকা।

এই আন্তর্জাতিক ম্যারাথনটি নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডের সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে শুরু হবে।

এই আয়োজন প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময় দেরিতে খবর পাওয়ার কারণে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়। ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরটি যদি সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় ও পরিচিত করা যায়, তবে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হবে। এর ফলে রেসপন্স টাইম বা ঘটনাস্থলে পৌঁছানোর সময় কমিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা যাবে।

তিনি আরও উল্লেখ করেন, এই ম্যারাথনের মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে এবং পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পাবে। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার এই উদ্যোগে অবদান রাখার পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার মাঝে ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষকে এই ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত