নারীদের স্বাস্থ্য সহায়তায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান। তুরস্কের আন্তালিয়ার একটি হোটেলে মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ নেওয়ার প্রথম দিন জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং নারী ও শিশুদের ওপর এর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার উচ্চ প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। এছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এমিনে এরদোয়ান অতীতে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর জবাবে এমিনে এরদোয়ান ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণা করে সুবিধাজনক সময়ে আবার বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। একই সময়ে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। SHARES জাতীয় বিষয়: এমিনে এরদোয়ানজলবায়ু পরিবর্তনতুরস্কনারীস্বাস্থ্যবাংলাদেশ