চুয়াডাঙ্গায় ১০ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ভ্যানচালকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আবুল হোসেন ওরফে ফটিক (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর পুলিশি নিরাপত্তায় তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর তৃতীয় শ্রেণির ওই ছাত্রী কয়েকজন শিশুর সঙ্গে মাঠে শাক তুলতে গিয়েছিল। ওই সময় আসামি আবুল হোসেন শাক তুলে দেওয়ার কথা বলে শিশুটিকে খেতের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়।

ঘটনার পরের দিন নিহত শিশুর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ আবুল হোসেনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২০২৪ সালের ৭ মার্চ তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এম এম শাহজাহান জানান, আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে এই রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ওহিদুজ্জামান মুকুল জানিয়েছেন, তাঁরা এই রায়ে সংক্ষুব্ধ এবং ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন।