অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দেওয়া তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগে ২৭ বছর বয়সী এক তরুণকে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিক প্রশাসন। একই ফ্লাইটে তার সঙ্গে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিককেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়।

গ্রিক সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ ভিডিও তৈরিতে দাবি করেছিলেন গ্রিসে পুলিশের তল্লাশি বা নির্বাসনের কোনো ভয় নেই। তবে আন্তর্জাতিক আশ্রয়ের জন্য পরপর তিনবার করা তার অ্যাসাইলাম আবেদন আইনিভাবে বাতিল হয়ে যায়। টানা তিনবার আবেদন খারিজ হওয়ার পর তার অপসারণ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন।

প্রতিবেদনে ওই ২৭ বছর বয়সী তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রোটো থিমা। এ ছাড়া একই ফ্লাইটে ফেরত পাঠানো বাকি ৫০ জন বাংলাদেশিকে ঠিক কী কারণে বিতাড়িত করা হয়েছে, সে বিষয়েও প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

জানা গেছে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণকে আইনি সহায়তা দিয়েছিল। অ্যাসাইলাম আবেদনগুলো খারিজ হওয়া সত্ত্বেও তাকে গ্রিসে রাখার লক্ষ্যে এনজিওটির আইনজীবীরা দুটি পৃথক আইনি লড়াই চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপগুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়।

এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়। তাদের মতে, বারংবার আবেদন জমা দিয়ে দেশে অবস্থানের সময় বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ। ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এই ঘটনাটি তারই এক উৎকৃষ্ট উদাহরণ।