আগস্ট মাসে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

প্রকাশিত: 11:03 AM, August 1, 2026

আগস্ট মাসে চাকরিজীবীদের জন্য দুই দফায় মোট আট দিন ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

আগস্টের ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি রয়েছে। এর পরের দিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও, ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

এদিকে আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ক্ষেত্রে ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য যে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে।