সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদের নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এই নম্বর পুনর্বণ্টনের বিষয়টি অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপনের খসড়া তৈরির কাজ সম্পন্ন হয়। প্রজ্ঞাপনটি জারি না হওয়া পর্যন্ত নতুন এই নম্বর কাঠামো কার্যকর হবে না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এটি যেকোনো দিন জারি হতে পারে বলে জানা গেছে। সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর এই উদ্যোগটি নিয়ে বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও আন্দোলন চলছে। দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা খসড়া প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হচ্ছে, যা বিদ্যমান ব্যবস্থার তুলনায় ৪০০ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে এ গ্রেডগুলোর লিখিত পরীক্ষার নম্বর ৯০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ১৩ থেকে ১৬ গ্রেডের চাকরিতে বর্তমানে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর যথাক্রমে ৯০ ও ১০। নতুন কাঠামোয় লিখিত পরীক্ষার নম্বর ৬০ এবং ভাইভার নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিখিত পরীক্ষার পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১৭ থেকে ২০ গ্রেডের ক্ষেত্রে বর্তমানে লিখিত পরীক্ষায় ৪০ এবং ভাইভায় ১০ নম্বর রয়েছে, যা নতুন কাঠামোয় উভয় ক্ষেত্রেই ২৫ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এই বিধিমালা মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার সরাসরি নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে। তবে শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ব্যাটালিয়ন আনসার, কোস্ট গার্ড, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা অন্য কোনো বাহিনী এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাভুক্ত পদের ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হবে না। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES চাকরি বিষয়: জনপ্রশাসন মন্ত্রণালয়নিয়োগ পরীক্ষানিয়োগ বিধিভাইভাসরকারি-চাকরি