নেতানিয়াহুর বিদায় ঘণ্টা? আইজেনকটকে সমর্থন দিচ্ছে আরব দলগুলো

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

ইসরাইলের সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনের জন্য বিরোধী নেতা গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জোটটি জানায়, তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে।

গত সপ্তাহের সাধারণ নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো নেসেটে রেকর্ড ১৯টি আসন পেয়েছে, যা দেশটির সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জয়েন্ট লিস্টের ১১ জন সদস্য আইজেনকটের পক্ষে সুপারিশ করলে তার প্রতি সমর্থনকারী আইনপ্রণেতার সংখ্যা দাঁড়াবে ৬৭, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ছয়টি বেশি। এর আগে আটটি আসন পাওয়া আরব দল রা'আমও আইজেনকটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। তবে এই সংখ্যা আরও কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, অতি-ধর্মীয় গোষ্ঠী ডেগেল হা তোরাহ, যারা ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটি আসনের মালিক, তারা জানিয়েছে যে তারা কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করবে না। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, হারেদি সম্প্রদায়ের পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে ব্যর্থ হওয়ায় এই অতি-ধর্মীয় গোষ্ঠীটি নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচনের চূড়ান্ত ফল অনুমোদনের পর সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। তিনি রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, জেহুত, শাস ও ইসরাইল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট হারজগের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক দিন সময় রয়েছে। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন, প্রয়োজনে যা আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। তবে নেতানিয়াহু বা আইজেনকট—কেউই যদি সরকার গঠনে সফল না হন, তবে আগামী বছরের শুরুর দিকে ইসরাইলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।