জয়ের ছবিতে থাকতে পেরেই খুশি শরীফুল, নেই কোনো আক্ষেপ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে বাংলাদেশের পেসাররা ১৪ উইকেট নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে ইনজুরির কারণে সেই ঐতিহাসিক ম্যাচের একাদশে সুযোগ হয়নি দলের অন্যতম প্রধান পেসার শরীফুল ইসলামের। প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতি নিয়ে ধারাভাষ্যকক্ষেও আলোচনা হয়েছে। তবে এসব নিয়ে কোনো আক্ষেপ নেই শরীফুলের। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের জয়ে তিনি অত্যন্ত আনন্দিত। শরীফুল বলেন, আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এমন একটি জয়ের অংশ হতে পেরে ভালো লাগছে। অন্তত স্কোয়াডের সঙ্গে ছবিতে তো থাকতে পেরেছি! আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করব এবং দেখা যাক কত দূর যেতে পারি। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নিয়ে নিজেকে দুর্ভাগা মনে করেন না এই বাঁহাতি পেসার। তিনি বলেন, আমি নিজেকে দুর্ভাগা মনে করি না। যা হওয়ার তা তো আর বলেকয়ে হয় না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, ইনজুরির কারণে কিছুদিন বিশ্রামে ছিলাম এবং রিহ্যাব করেছি। এটি আমার শরীরের জন্য ভালো হয়েছে বলেই আমি মনে করি। দলের জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে শরীফুল আরও বলেন, যারা খেলেছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করেছি, যাতে তারা সেরা পারফরম্যান্স করতে পারে এবং আমরা জিততে পারি। যখন আমরা ম্যাচটি জিতলাম, বিশ্বাস করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমিও অনেক খুশি হয়েছি। বর্তমানে বাংলাদেশ দলের পেস ইউনিট দুর্দান্ত খেলছে। এই ইউনিটের অংশ হতে পেরে গর্বিত শরীফুল। তিনি বলেন, পেসাররা ভালো করলে অবশ্যই ভালো লাগে। তবে শুধু পেসার নয়, বাংলাদেশ দল যখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করে, তখন বেশি ভালো লাগে। আমরা যখন সম্মিলিতভাবে পারফর্ম করি, তখনই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়। SHARES ক্রিকেট বিষয়: ক্রিকেটডারউইন টেস্টপেসারবাংলাদেশ-ক্রিকেটশরীফুল ইসলাম