সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করল ডিএমপি প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই এলাকাগুলোতে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে এই এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও যেকোনো ধরনের ক্ষতিকারক পদার্থ বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলাকালে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো সুনির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। পাশাপাশি রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত সড়কেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিতে এসব বিধিনিষেধ কঠোরভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: অধিবেশনজাতীয় সংসদডিএমপিনিষেধাজ্ঞাসংসদ ভবন