বালিপাড়া সেতুতে টোল আদায় শুরুর একদিনেই বন্ধ, বিক্ষোভে বুথ ভাঙচুর

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল-নান্দাইল সড়কে অবস্থিত বালিপাড়া সেতুতে টোল আদায় শুরু হওয়ার মাত্র একদিনের মাথায় তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের তীব্র ক্ষোভের মুখে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় টোল আদায়ের প্রতিবাদে স্থানীয় লোকজন ও চালকেরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং টোল বুথ ভাঙচুর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটিতে টোল আদায় শুরু হওয়ার পর থেকেই এলাকাবাসী ও চালকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টোল বুথে ভাঙচুর চালায়। পরবর্তীতে কর্তৃপক্ষ টোল আদায় বন্ধের ঘোষণা দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগ থেকে এই টেন্ডার দেওয়া হয়েছিল। তবে সেখানে কিছুটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুকূলে এলে টোল আদায় কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এদিকে, সড়ক ও জনপথ বিভাগের দাবি, সম্পূর্ণ নিয়ম মেনেই টেন্ডারের মাধ্যমে এই সেতুর টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খঃ মোঃ শরীফুল আলম বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকেই টেন্ডারের মাধ্যমে টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকার পর হঠাৎ করে আবার চালু করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে টোল আদায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টোল আদায়ের ইজারা পাওয়া ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আতাউর রহমান জানান, তিনি সরকারি নিয়ম মেনেই দরপত্রে অংশ নিয়ে ইজারা পেয়েছেন। তাঁর দেওয়া কার্যাদেশের কপি অনুযায়ী, ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। এতে সংশোধিত টোল নীতিমালা অনুযায়ী ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার কথা উল্লেখ রয়েছে।

আতাউর রহমান আরও জানান, ২০২৫ সালের শুরুর দিকে সড়ক ও জনপথ মন্ত্রণালয় থেকে ২০০ মিটারের বেশি দীর্ঘ সেতু টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এরপর তিনি নয়বার দরপত্রে অংশ নেন। সর্বশেষ সর্বোচ্চ দরদাতা হিসেবে তাঁকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ১৬ সেপ্টেম্বর আয়কর, ভ্যাট ও কিস্তিসহ নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে কার্যাদেশ পান। কার্যাদেশ পাওয়ার পর তাঁকে রাত ১২টা থেকে টোল আদায় শুরু করতে বলা হয় এবং তিনি সে অনুযায়ী কাজ শুরু করেন।

ইজারাদারের দাবি, টোল আদায় শুরুর পরদিনই বালিপাড়া সেতুতে টোল আদায় অবৈধ বলে অপপ্রচার চালানো হয়। পরে সেখানে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি তিনি নান্দাইল ও ত্রিশাল থানার পুলিশকে জানিয়েছেন। বর্তমানে টোল আদায় বন্ধ থাকার বিষয়ে আতাউর রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তিনি টোল আদায় বন্ধ রেখেছেন। এ বিষয়ে রোববার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ নেননি জানিয়ে তিনি বলেন, তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত