টঙ্গিবাড়ীতে বেতকা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া বেপারী বাড়ি থেকে করের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে মানুষ ও যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়, যার ফলে পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এলাকাবাসীর ভাষ্যমতে, স্থানীয় বাসিন্দা গৌতম চন্দ্র করের একটি পোলট্রি খামার রয়েছে। ওই খামারের মালামাল পরিবহনের জন্য নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির ক্ষয়ক্ষতি আরও বাড়ছে এবং প্রতিদিন রাস্তার অবস্থা নাজুক হয়ে উঠছে।

দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দা রাসেল শেখ জানান, রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন; অন্যথায় যেভাবে এটি নষ্ট হচ্ছে, একসময় রাস্তাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই এলাকাবাসীর ভোগান্তি লাঘবে দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসেম দেওয়ান জানান, তিনি বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেছেন এবং চেয়ারম্যান তাকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।