মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে সরকার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তিনি ব্যাখ্যা করেন যে, সরকার বাইরের দেশ থেকে জ্বালানি তেল আমদানি করে থাকে এবং এই বৈশ্বিক পরিস্থিতির চাপে পড়েই সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই বৈশ্বিক সংকট কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে বিদ্যুৎ বিতরণে যে বৈষম্য ছিল, তা আগামীতে দূর করা হবে।