পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের আমেজ। দিনে কড়া রোদ থাকলেও সন্ধ্যা নামলেই উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বদলে যেতে শুরু করেছে জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি। তাপমাত্রা কমার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, ভৌগোলিক অবস্থানের কারণে পঞ্চগড় হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের খুব কাছাকাছি। ফলে প্রতি বছরই অন্যান্য এলাকার তুলনায় এখানে আগেভাগে শীতের আগমন ঘটে। অক্টোবরের শেষ দিক থেকেই শীত অনুভূত হতে শুরু করে এবং নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা চরমে পৌঁছায়। বর্তমানে হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণেই তেঁতুলিয়ার তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে।

শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খেটে খাওয়া মানুষের ওপর। ভোর হতেই কাজের সন্ধানে নামছেন দিনমজুর, চা-পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকেরা। স্থানীয় ভ্যানচালক রবি ইসলাম জানান, সকালে ভ্যান চালানোর সময় হিমেল বাতাসে গায়ে বেশ ঠান্ডা লাগে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে গরম লাগে। চা-বাগানের শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা-বাগানে কাজ করার সময় গা ঢাকার জন্য চাদর বা গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে। রাতের বেলাতেও কাঁথা বা চাদর ছাড়া ঘুমানো সম্ভব হচ্ছে না।

শীতের এই আগমনী বার্তার ফলে স্থানীয় বাজারগুলোতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। সন্ধ্যার পর বিভিন্ন মোড়ে ও হাটে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। ভাপা, চিতই ও পাকান পিঠার ঘ্রাণে জমে উঠছে সন্ধ্যার বাজার। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন শীতকালীন এসব গরম পিঠার স্বাদ নিতে।

তবে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, হুট করে আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এসব শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.৫ ডিগ্রি কম। রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।