কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬২৪ জন আটক প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা জেলায় এক রাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। লুৎফর রহমান জানান, সাম্প্রতিক সময়ে উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানার আওতাধীন বখাটেদের উৎপাত রয়েছে এমন সব স্থানে একযোগে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তাদের পূর্বের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন ভবিষ্যতে অপরাধে জড়াতে না পারে, সেজন্য নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম খুনের ঘটনার পর থেকে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপরই বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং এবং বখাটেদের দমনে এই সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। SHARES অন্যান্য বিষয়: অপরাধ দমনআটককিশোর-গ্যাংকুমিল্লাপুলিশ অভিযান