কঙ্গোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু উড্ডয়নের পর মাঝআকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে নামক স্থানে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা দুর্ঘটনার বিষয়ে জানান, কেঙ্গে এলাকায় কোনো রানওয়ে না থাকায় বিমানটি শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে শুধু সেনাসদস্যই নন, বেশ কয়েকজন বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরাও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উপগভর্নর বোকিন্ডা আরও জানিয়েছেন, নিহতদের অধিকাংশের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিককঙ্গোপ্রাণহানিবিমান দুর্ঘটনাসামরিক বিমান