২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ ওয়ানডে আসর: কোহলি

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এই আসরটিই ভারতের জার্সিতে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের এই শেষ বিশ্বমঞ্চে শিরোপা জয়ের লক্ষ্যে নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে প্রস্তুত এই তারকা।

জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানডে বিশ্বকাপের চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলতে গিয়ে কোহলি জানান, ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, এটি টি-টোয়েন্টির মতো তীব্রতার ১০টি ম্যাচ খেলার মতো, কিন্তু এক দিনে আপনি আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান সময় খেলছেন। এত বড় টুর্নামেন্টে ১০টি ম্যাচজুড়ে সেই তীব্রতা ধরে রাখা এবং বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক বড় একটি চ্যালেঞ্জ।

বিশ্বকাপের মঞ্চে কোহলির পরিসংখ্যান অত্যন্ত সমৃদ্ধ। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচ খেলে ৫৯.৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। বিশ্বকাপে তার নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি, যার মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ১১৭ রানের। সামগ্রিক ওয়ানডে ক্যারিয়ারে ৩০২ ইনিংসে ১৪ হাজার ৯৪১ রান করা কোহলির সেঞ্চুরির সংখ্যা ৫৪টি এবং ফিফটির সংখ্যা ৭৯টি। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ৯৩.৯৫ এবং সর্বোচ্চ ইনিংস ১৮৩ রানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স দুর্দান্ত। ৩৫ ম্যাচে ৫৮.৭৩ গড়ে ১ হাজার ২৯২ রান করা কোহলি এই আসরের ইতিহাসে সর্বোচ্চ ১৫টি ফিফটির মালিক। এছাড়া ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দুবার টুর্নামেন্টসেরার পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে রোহিত শর্মার মতো তিনিও ভারতের হয়ে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। আগামী রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের নতুন ঘরের মৌসুম শুরু হতে যাচ্ছে।