দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫২৭ জন। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪১৪ জন শিশু। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৫ জন শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৯৫ জন, চট্টগ্রামে ২৬২ জন, সিলেটে ১৭৮ জন, খুলনায় ১০১ জন, বরিশালে ৯৪ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ৬০ জন এবং রাজশাহী বিভাগে ৪৭ জন রয়েছেন। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন। এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। SHARES স্বাস্থ্য বিষয়: জনস্বাস্থ্যরোগের প্রাদুর্ভাবশিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহাম