মেসির বিদায়ের এখনই সঠিক সময়, মনে করেন কোচ স্কালোনি

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি মনে করেন, লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের জন্য এখনই উপযুক্ত সময়। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩৯ বছর বয়সী এই মহাতারকা শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। গত আগস্টের শেষ দিকে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির মতো একজন খেলোয়াড় এমন বিদায় পাওয়ার যোগ্য। তিনি আরও বলেন, আমি নিজেও এতে কিছুটা ভূমিকা রেখেছি কারণ আমি তার বিদায়ের সময় সেখানে থাকতে চেয়েছি। আমি জানি না ভবিষ্যতে আমি এই দায়িত্বে থাকব কি না, তাই চেষ্টা করেছি যেন সে এই ম্যাচে থাকতে পারে। স্কালোনির মতে, মেসি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তা তারা জানতেন, তবুও নিজের ভক্তদের সামনে বিদায় জানানোর ইচ্ছা ও চেষ্টা মেসি দেখিয়েছেন। তিনি মনে করেন, তাকে সম্মান জানানোর জন্য এখনই সঠিক সময়, কারণ পরে হয়তো সেই আবেগ বা জাদু একই রকম থাকবে না।

জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করছেন মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে আট ম্যাচে আট গোলসহ বিশ্বকাপে মোট ২১ গোল করেছেন তিনি। স্কালোনি মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতাকে নিজের জীবনের সেরা অভিজ্ঞতা হিসেবে অভিহিত করে বলেন, তার মতো আর কেউ কখনো আসবে না এবং এমন খেলোয়াড় পাওয়া খুবই বিরল।

আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি এবারও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। স্কালোনি বলেন, যদি পুরস্কারটি সেরা খেলোয়াড়ের জন্য হয়, তবে পরিসংখ্যানই তার প্রমাণ। এছাড়া স্কালোনি জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে আগ্রহী। তার অধীনে আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছে।

মেসি, ওতামেন্দি ও আরও কয়েকজন খেলোয়াড়ের অবসরের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে যাত্রা শুরু করেছেন স্কালোনি। আসন্ন ম্যাচগুলোর জন্য নতুনদের মধ্যে তমাস পালাসিওস, রোমান ভেগা, ভ্যালেন্তিন গোমেস, তোবিয়াস আন্দ্রাদা, এজেকিয়েল ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন এবং লিওনেল ফ্লোরেসকে দলে ডাকা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ ও ৬ অক্টোবর যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।