সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ, শ্রাবণের দুর্দান্ত সেভ প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ আসিয়ান কাপের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশ। তবে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের শুরুটা মোটেও সুখকর হয়নি। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই দুই দল বল পজিশন ধরে রেখে খেলার চেষ্টা করলেও প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। ১৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দুর্দান্ত দক্ষতায় দলকে গোল খাওয়া থেকে বাঁচান। বাঁ দিক দিয়ে আসা ইলহান ফান্দির একটি জোরালো শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন তিনি। কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আরও একবার জ্বলে ওঠেন শ্রাবণ। সিঙ্গাপুরের বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে নেওয়া দারুণ শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন তিনি। ফিরতি আক্রমণে সিঙ্গাপুর আবারও সুযোগ পেলেও তারিক কাজী সেই বিপদ সামাল দেন। তবে ৩৫ মিনিটে আর বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়নি। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হারহিস স্টুয়ার্ট হেডে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন। গোলরক্ষক শ্রাবণের পক্ষে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দুই মিনিট পর সিঙ্গাপুরের আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে ভাগ্যগুণে ব্যবধান দ্বিগুণ হওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ গোলমুখে উল্লেখযোগ্য কোনো শট নিতে পারেনি। SHARES খেলাধুলা বিষয়: আসিয়ান কাপজামাল ভূঁইয়াবাংলাদেশ-ফুটবলশ্রাবণসিঙ্গাপুর