বিশ্বকাপের পর রাতারাতি খ্যাতি, শান্তি হারিয়ে অস্বস্তিতে গোলরক্ষক ভোজিনিয়া প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ কেপ ভার্দের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গোলরক্ষক ভোজিনিয়া এখন খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে চিলির ক্লাব কোলো-কোলোতে খেলছেন। বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৫৬ হাজার, যা টুর্নামেন্ট শেষে কয়েক মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। দ্য অবজারভারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া জানান, আজকের জীবনের চেয়ে তার আগের জীবনই বেশি স্বস্তিদায়ক ছিল। তিনি বলেন, 'আজকের জীবন আর আগের জীবন, এই দুটির মধ্যে যদি আমাকে বেছে নিতে বলা হয়, আমি আগের জীবনটাই বেছে নেব।' স্পেনের বিপক্ষে ম্যাচের পরের এক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, দলের খাবার পরিবেশনকারী এক কর্মী তাকে জানিয়েছিলেন যে তার অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। প্রথমে তিনি এটিকে মজা ভেবেছিলেন, কিন্তু পরে মিক্সড জোনে সাংবাদিকদের মাধ্যমে নিশ্চিত হয়ে দেখেন অনুসারীর সংখ্যা সত্যিই সেই মাইলফলক ছাড়িয়েছে। জনপ্রিয়তার নেতিবাচক দিক তুলে ধরে ভোজিনিয়া বলেন, 'আমি আমার শান্তি ও স্বস্তি হারিয়েছি। আগের মতো আর ব্যক্তিগত গোপনীয়তা নেই। বাইরে বের হলে বা রেস্তোরাঁয় গেলে ছবি তোলা বা অটোগ্রাফ নেওয়ার আবদার সামলাতে হয়। এর চেয়েও খারাপ লাগে যখন কেউ দূর থেকে ভিডিও করতে থাকে।' এই খ্যাতির প্রভাব পড়েছে কেপ ভার্দেতে থাকা তার পরিবারের ওপরও। অনেক সমর্থক তার বাবা-মায়ের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলতে বা ছবি তুলতে চান। ভোজিনিয়া জানান, তার বাবা এই পরিস্থিতি এড়িয়ে চলেন। তিনি বলেন, 'আমি সেখানে নেই, তাই তাদের সাহায্য করতে পারি না। তাদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজেদের সীমারেখা ঠিক করতে হবে।' উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লেভ ইয়াসিন পুরস্কারের মনোনয়ন পাওয়া ভোজিনিয়া সম্প্রতি আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালির বিপক্ষে একটি ভুলের কারণে আলোচনায় এসেছেন। তার সেই ভুলের সুযোগে গোল পেয়ে মালি শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয়। SHARES খেলাধুলা বিষয়: কেপ ভার্দেকোলো-কোলোগোলরক্ষকফুটবলবিশ্বকাপভোজিনিয়া