আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি: প্রধানমন্ত্রী প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের দেওয়া দায়িত্ব পালনের মাধ্যমে বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আইনের চোখে সবাই যে সমান, তা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। গত ১৭ বছর স্বৈরাচারের শাসনামলে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং কথা বলার সুযোগ পায়নি। তৎকালীন সরকার জনগণের দুর্দশা লাঘবে কোনো গুরুত্বই দেয়নি। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের বিদায়ের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর দলটি সর্বশক্তি দিয়ে দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে কাজ করছে। সাম্প্রতিক অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো জনকল্যাণমূলক কাজে বাধা সৃষ্টি করছে। তিনি কোনো দলের নাম উল্লেখ না করে ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করে বলেন, এদের অতীত ইতিহাস ১৯৭১ সালের মতোই অন্যায়ে ভরা। তিনি দাবি করেন, এই গুপ্তবাহিনীর সদস্যরা মা-বোনদের ওপর নির্যাতন চালাচ্ছে, যা তদন্তাধীন রয়েছে। তিনি এসব দলের নেতাদের উদ্দেশে বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের দলের ভেতরে নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ নিন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের কাজ শুরু হয়। পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদানের কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। SHARES অন্যান্য বিষয়: আইনের শাসনতারেক-রহমানফেনীবাংলাদেশবিএনপি