পিরোজপুরে বাসে অগ্নিকাণ্ড, ঘুমন্ত হেলপারের মৃত্যু

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান। মৃত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাস রাখা ছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসার পর টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আশেপাশের বাসে ঘুমন্ত অবস্থায় থাকা ব্যক্তিদের ডেকে তুলে নিরাপদে সরিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস উদ্ধারকৃত মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।