উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন ও সক্ষম করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠন করলে মানুষ যেন উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করা হবে। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের জেলা সদর বা রাজধানীতে ছুটতে না হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। তিনি জানান, আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ বেড থেকে ১৫০ বেডে উন্নীত করা হবে।

সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল পুরো পরিবার পাবে। এছাড়া ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যম কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।

ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এলাকার মানুষের উপকারের জন্য মুহুরী-কহুয়া নদী ও খালকে সংযুক্ত করে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়া ও সেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার মতো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে এই কর্মসূচি নেওয়া হয়েছে, যা নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতির অংশ।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।