২১টি প্রকল্প অনুমোদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের এটি সপ্তম সভা। সভায় ২১টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে ১৪টি প্রকল্প সম্পূর্ণ নতুন, ৫টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এছাড়া আগে অনুমোদন পাওয়া আরও ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প কমিটির অবগতির জন্য পেশ করা হবে। সভায় এলজিইডির একটি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়িতব্য এই প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাই শেষে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করেছে। একনেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে চলতি বছরেই এর নির্মাণকাজ শুরু করে ২০৩১ সালের মধ্যে পর্যায়ক্রমে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: একনেকএলজিইডিজাতীয় অর্থনৈতিক পরিষদতারেক-রহমানপ্রকল্প অনুমোদন