ফেনী সফরে প্রধানমন্ত্রী: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে ফেনীতে পৌঁছেছেন। আজ দুপুর সোয়া একটার দিকে তিনি ফেনীতে পৌঁছান এবং তাঁর গাড়িবহর পরশুরামের দিকে যাত্রা শুরু করে। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে এই সফরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নির্ধারিত সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। এই প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে নতুন বাঁধ নির্মাণ ও নদী সংস্কারের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী ফুলগাজীর শ্রীপুরে তার নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়িতেও সফরের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান করবেন। এই কর্মসূচির আওতায় মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং সারা জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়া হবে। এর পাশাপাশি, ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন শেষে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। SHARES জাতীয় বিষয়: উন্নয়ন-প্রকল্পতারেক-রহমানপরশুরামপ্রধানমন্ত্রীফেনীবন্যা নিয়ন্ত্রণ