জনগণের অর্জন ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই: আবু সুফিয়ান প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পরাজিত শক্তি জনরোষ ও জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তবে অতীতে তারা যে অন্যায়, অপরাধ ও হত্যাকাণ্ডের মতো অপকর্ম করেছে, সেসবের বিচার নিশ্চিত করতে হবে। অনেক ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের সুফল এখন জনগণ ভোগ করছে। তাই জনগণের এই সম্মিলিত অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নেওয়ার সাহস পাবে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের বাকলিয়া এক্সেস রোডে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি এই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের আয়োজন করেছিল। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও কোনো নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, কোনো হুমকি-ধমকি বা অপতৎপরতায় বিএনপি ভীত নয়; বরং ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আবু সুফিয়ান বলেন, তার গৃহীত উন্নয়ন ও জনকল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে সহযোগী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশের পর বাকলিয়া এক্সেস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার ধনিয়ারপুলে গিয়ে শেষ হয়। আবু সুফিয়ান বলেন, ‘আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এছাড়া মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ এবং স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মো. সেকান্দর, আব্দুর রহিম, আব্দুল কাদের, রাজা মিয়া ও আরিফুল হক ডিউকসহ অনেকে উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: আবু সুফিয়ানগণতন্ত্রচট্টগ্রামবিএনপিরাজনীতি