আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি ও পদবঞ্চিত অংশের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপি কার্যালয়ের সাটার ও জানালা ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নবগঠিত আখাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিলের ডাক দেন। একই সময়ে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের সমর্থিত পদবঞ্চিত অংশটি নতুন কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিকেল প্রায় ৫টার দিকে আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে এক পক্ষ সরে গেলে ঘোষিত কমিটির নেতৃবৃন্দ মিছিল নিয়ে পৌরশহরের আদর আলী মার্কেটের সামনে অবস্থান নেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা কর্মসূচি শেষ করেন। উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, নবগঠিত ছাত্রদলের সভাপতি মোঃ মোবারক হোসেন জীবন ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম জাকারিয়া বক্তব্য রাখেন।

ঘটনা প্রসঙ্গে নবগঠিত ছাত্রদলের সভাপতি মোঃ মোবারক হোসেন জীবন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের কর্মীরা তাদের শান্তিপূর্ণ মিছিলে আগে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। তারা কেবল আত্মরক্ষার্থে প্রতিহত করেছেন। অন্যদিকে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলয়ের ছাত্রদল নেতা মোঃ রিফাতুল ইসলাম তারেক দাবি করেন, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ওপর হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

আখাউড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ সাফায়েত ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। অন্যদিকে পরিস্থিতি সম্পর্কে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শুক্রবার ছাত্রদলের দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত