ধরলা নদীর ভাঙন রোধে ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

লালমনিরহাটের মোগলহাট ও এর আশপাশের এলাকাকে নদীভাঙনের কবল থেকে বাঁচাতে ধরলা নদীর তীরে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও স্থলবন্দরটি পুনরায় সচল করার উদ্যোগের কথাও উল্লেখ করেছেন।

গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, মোগলহাট ও সংলগ্ন ভাঙনকবলিত এলাকা রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণের জন্য প্রায় ৩০০ কোটি টাকার একটি স্থায়ী বাঁধ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সীমানা থেকে শুরু করে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের নির্মাণকাজ দ্রুতই শুরু করা হবে।

মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালু করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান আসাদুল হাবিব দুলু। তিনি আশ্বাস দেন যে, বন্দরটিকে আবার সচল করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই মোগলহাট পরিদর্শনের একটি পরিকল্পনাও রয়েছে তাঁর।

অনুষ্ঠানে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এর আগে লালমনিরহাটে পৌঁছানোর পর ত্রাণমন্ত্রী বিজিবি ক্যান্টিন মোড়ে নবনির্মিত ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত