চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

জ্বালানি তেলের সাম্প্রতিক দামবৃদ্ধির প্রতিবাদে ও সাধারণ মানুষের ওপর নেমে আসা বাড়তি অর্থনৈতিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই সমাবেশে দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। তারা অভিযোগ করেন, তেলের দাম বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, পরিবহন খাতের বাড়তি ব্যয় এবং কৃষিখাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা আরও বলেন, খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ভার সাধারণ মানুষের কাঁধে চাপানোর কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। অবিলম্বে এই দাম কমানো না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা।

সমাবেশ শেষে জামালখান প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশ নেন।