এলপিজির দাম আরও ২৫২ টাকা বাড়ছে, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ০৪:২৫ মিনিটে বিইআরসির পক্ষ থেকে অক্টোবরের জন্য নির্ধারিত এই নতুন মূল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে এলপিজি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অপারেটর কোম্পানি বিপুল মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সরকারের শীর্ষ পর্যায়ে প্রতিবেদন জমা দিয়েছে দুটি গোয়েন্দা সংস্থা। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সচিবালয়ে দেশের এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) সঙ্গে জরুরি বৈঠকে বসেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন সংস্থা ও এনবিআরের তথ্য তুলে ধরে বলা হয়, দেশে পর্যাপ্ত পরিমাণ এলপিজি আমদানি করা সত্ত্বেও কেন এই কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। তবে লোটাব নেতারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় দেশের বাজারে দাম বাড়ালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানান, অপারেটররা রোববার থেকেই এক লাফে বড় অঙ্কের দাম বাড়ানোর পক্ষে ছিলেন। তাদের দাবি, দাম বাড়লে আমদানি সহজ হবে। বিইআরসি তাদের চাহিদা অনুযায়ী দাম বাড়াচ্ছে না বলেও জ্বালানিমন্ত্রীর কাছে অভিযোগ করেন লোটাব নেতারা।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বরের পর থেকেই দেশের বাজারে এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং জাহাজ ভাড়া বাড়ার কারণে বিশ্ববাজারে আমদানি খরচ কিছুটা বৃদ্ধি পাওয়ার সুযোগ নিয়ে অনেক অপারেটর এলপিজি মজুত করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বহু অপারেটর আগেভাগেই তাদের ট্যাংকারে এলপিজি মজুত করেছে অথবা ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের জলসীমায় এলপিজিবাহী জাহাজ ভাসিয়ে রেখে কৃত্রিমভাবে সরবরাহ থামিয়ে রেখেছে।