পুলিশে বড় রদবদল: ডিআইজি ও এসপিসহ ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এই রদবদলের আওতায় রয়েছেন ৩ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে রবিবার (৪ অক্টোবর) এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশের বিশেষ রেসপন্স ইউনিটের (এসআরইউ, যা সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। একই প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) বিভাগে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। এছাড়া এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি এবং পিবিআইয়ের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।