সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের ভবন দখলের চেষ্টা প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের একটি ভবন দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল আটটার দিকে ১০ থেকে ১২ জন শ্রমিক ১১০ নম্বর ভবনের সামনে লাল পতাকা টাঙিয়ে এবং উঁচু টিন দিয়ে ঘিরে ফেলে ভবনটি দখলের চেষ্টা চালায়। এ সময় উৎসুক জনতা সেখানে ভিড় করেন। শ্রমিকদের দাবি, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত কাপড়ের শোরুমের মালিক মো. রানা তাদের সেখানে পাঠিয়েছেন। রানা দাবি করেন, তিনি রেলওয়ের কাছ থেকে জমিটি লিজ নিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে সেখানে বেড়া দিচ্ছেন। মুঠোফোনে তিনি জানান, ওই জমির বিপরীতে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে পুলিশের সহায়তায় রেলের পূর্ত বিভাগ সেখানে অভিযান চালায়। অভিযানে ভবনটি ঘিরে রাখা টিন, বাঁশসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং সেগুলো ট্রাকে করে পূর্ত বিভাগের ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সৈয়দপুর রেলের পূর্ত বিভাগের পরিদর্শক (আইওডাব্লিউ) শরিফুল ইসলাম জানিয়েছেন, ১১০ নম্বর ভবনটি রেলওয়ের কল্যাণ ট্রাস্টের নামে বরাদ্দ রয়েছে এবং সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ী রানার লিজ নেওয়ার দাবিকে তিনি অমূলক ও মিথ্যা বলে অভিহিত করেছেন। ঘটনাটি পরিদর্শন করেছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রেলওয়ের কোনো জায়গা কাউকে অহেতুক দখল করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। SHARES জাতীয় বিষয়: দখলনীলফামারীরেলওয়েরেলওয়ে পুলিশসৈয়দপুর