২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আয়োজিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনে সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত পরিস্থিতি বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে এবং চলতি নভেম্বরের মধ্যে তা শতভাগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের ৪ হাজার ৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ, উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ইউনিক ই-হেলথ আইডি চালুর বিষয়টিও তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন। আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে তিনি বিমসটেকের আওতায় 'আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা' প্রতিষ্ঠার প্রস্তাব দেন। অসংক্রামক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মহামারি মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি নিরসনে বিমসটেকভুক্ত দেশগুলোর সাথে উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত বলেও মন্ত্রী জানান। SHARES জাতীয় বিষয়: বাংলাদেশবিমসটেকসার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাস্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্যসেবা