বিশ্বকাপ জয়ী দুই জোড়া সহোদরের ফুটবল ইতিহাস

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দুই জোড়া সহোদর হিসেবে প্রথম শিরোপা জয়ের কীর্তি গড়েন পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার, ১৯৫৪ সালে। এর ঠিক ১২ বছর পর ১৯৬৬ সালে ইংল্যান্ডের মাটিতে একই ইতিহাস রচনা করেন জ্যাক ও ববি চার্লটন।

১৯৫৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডে যাওয়ার সময় ফ্রিৎস ও অটমার ভালটার ছিলেন পশ্চিম জার্মানি দলের আক্রমণভাগের মূল ভরসা। নিজেদের ক্লাব কায়জারস্লাউটার্নের হয়ে ধারাবাহিক গোল করা এই দুই ভাই বিশ্বকাপের মঞ্চেও নিজেদের ফর্ম ধরে রাখেন। তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের জয়ে অটমার দলের তৃতীয় গোলটি করেন। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ৭-২ গোলের প্লে-অফ ম্যাচে দুজনই গোল পান, যা পশ্চিম জার্মানির নকআউট পর্ব নিশ্চিত করে। যুগোস্লাভিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর অস্ট্রিয়ার বিপক্ষে ৬-১ গোলের জয়ে অধিনায়ক ফ্রিৎস দুটি পেনাল্টি থেকে গোল করেন এবং অটমারও জোড়া গোল আদায় করে নেন।

গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৮-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর ফাইনালের মঞ্চে আবার সেই হাঙ্গেরির মুখোমুখি হয় পশ্চিম জার্মানি। ফাইনালে ৮ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়লেও জার্মানরা ভেঙে পড়েনি। ম্যাক্সিমিলিয়ান মরলক ব্যবধান কমানোর পর হেলমুট রানের জোড়া গোলে অলৌকিক জয় পায় পশ্চিম জার্মানি। দলের প্রথম অধিনায়ক হিসেবে ফ্রিৎস জুলে রিমে ট্রফি উঁচিয়ে ধরেন, যার সাক্ষী ছিলেন তার ভাই অটমার।

ইংলিশ ফুটবলের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটন ইংল্যান্ডের উত্তর-পূর্বের শহর অ্যাশিংটনে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী 'থ্রি লায়ন্স' দলের অপরিহার্য সদস্য ছিলেন এই দুই ভাই। জ্যাক ছিলেন আপসহীন ডিফেন্ডার, আর ববি ছিলেন আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবে দক্ষ।

নিজেদের মাটিতে আয়োজিত ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রা শুরু হয় উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। তবে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে ববি প্রথম গোল করে দলকে ছন্দ ফিরিয়ে দেন। ফ্রান্সকে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর জ্যাক অধিনায়ক ববি মুরের সঙ্গে রক্ষণভাগ সামলান, যার ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ম্যাচে ইংল্যান্ড গোল হজম করেনি। সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটি গোলই করেন ববি চার্লটন, যার মধ্যে দ্বিতীয়টি ছিল বক্সের ভেতর থেকে বুলেটগতির শট। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে জিওফ হার্স্টের হ্যাটট্রিকে ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।