আদালত অবমাননার রুল কাস্টমস কর্মকর্তা তৌহিদা ইসলামের বিরুদ্ধে প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা পণ্যের একটি চালান খালাস না দেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী ইয়াসির আরাফাতের করা আবেদনের শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। আদালতের রুলে জানতে চাওয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে আমদানি চালান খালাস না করায় কেন তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না। তাকে আগামী ১৪ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ মেসেঞ্জারের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাকিস্তান থেকে ২৮ টন রক সল্ট আমদানি করে এবং গত ৫ মে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে। ১৫ দিনের বেশি সময় পার হওয়ার পরও পণ্য খালাস না হওয়ায় আমদানিকারক হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর গত ২১ মে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে চালানটি খালাস করার নির্দেশ দিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দিন আহমেদ জানান, আদালতের সেই আদেশ বাস্তবায়ন না করায় এই অবমাননার রুল জারি হয়েছে। আমদানিকারকের অভিযোগ, গত ২৪ মে ঈদের ছুটির কারণ দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ আদালতের আদেশ গ্রহণে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ১ জুন আদেশ গ্রহণের পর ৭ জুন কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়া পণ্য খালাস সম্ভব নয়। এরপর কাস্টমস কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২১ জুন আপিল বিভাগে তা খারিজ হয়ে যায়। তবুও পণ্য খালাস না হওয়ায় গত ১৫ জুলাই আমদানিকারকের আইনজীবী সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন। আমদানিকারকের দাবি, দুই মাসেরও বেশি সময় ধরে পণ্য আটকে থাকায় স্টোর রেন্ট ও শিপিং ডেমারেজ বাবদ তাদের প্রায় ২২ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে, যা পণ্যের মূল্যের দ্বিগুণেরও বেশি। SHARES জাতীয় বিষয়: আদালত অবমাননাচট্টগ্রাম কাস্টমসতৌহিদা ইসলামপণ্য খালাসহাইকোর্ট