সরকারের ১৮০ দিনের অর্জন ও পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতির সূক্ষ্ম মূল্যায়ন করা হচ্ছে। ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা অত্যন্ত সূক্ষ্মভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড যাচাই-বাছাই করছেন। ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী জাতির সামনে ভাষণ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরার সম্ভাবনা রয়েছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। তথ্য উপদেষ্টা জানান, রেলপথ সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা ভোগ করবে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, সিলেট সিটি করপোরেশনে দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি জানান, গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে ৪১ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। SHARES জাতীয় বিষয়: উন্নয়নজাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশসরকার